পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের কোনোভাবেই প্রভাবিত করবে না সরকার। তিনি বলেন, সরকার পর্যবেক্ষকদের স্বাধীনতা ও নিরপেক্ষতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে রক্ষা করবে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সারা বিশ্ব থেকে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে। তিনি জানান, পর্যবেক্ষক দলের নেতৃত্বে যারা থাকবেন, তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। সেখানে সরকার স্পষ্টভাবে জানিয়েছে, পর্যবেক্ষকরা সহায়তা না চাইলে সরকার তাদের বিষয়ে কোনো ধরনের অগ্রসর ভূমিকা নেবে না।
তিনি বলেন, সরকার যদি পর্যবেক্ষকদের বিষয়ে এগিয়ে আসে, তাহলে তা প্রভাব বিস্তারের মতো মনে হতে পারে। সরকার একবিন্দুও এমন কিছু করবে না। তবে পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হিসেবে দেখা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে কারা পর্যবেক্ষক হবেন, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের এখানে কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশন যাদের নিরপেক্ষ মনে করবে, তাদেরই পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেওয়া হবে।
তিনি বলেন, সরকার চায় বিপুলসংখ্যক পর্যবেক্ষক নির্বাচনে উপস্থিত থাকুক, যাতে কেউ অনিয়ম বা গণ্ডগোল করার সুযোগ না পায়। তার মতে, দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই এবার ভোট দেওয়ার জন্য জনগণ মুখিয়ে আছে।
পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চলবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার সরে যাবে। এরপর দেশ আবার স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় চলবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


