জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মাধ্যমে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সেখানে তারেক রহমান আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। ভোটার নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাকে এনআইডি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ এক দিন সময় লাগতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে দেশের যেকোনো একটি নির্বাচনী এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড, গুলশান এলাকার ভোটার হতে অনলাইনে আবেদন করেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ইতোমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।


