দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।
২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ এবার তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।


