আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আসনভিত্তিক সমঝোতা হয়েছে। এই সমঝোতার অংশ হিসেবে জমিয়তকে চারটি সংসদীয় আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলীয় সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি মহাসচিব আরও জানান, জমিয়তের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচনে অংশ নেবেন। এই সমঝোতা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনী কৌশলের অংশ বলে তিনি উল্লেখ করেন।


