ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
রোববার দুপুর ১২টায় রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীগুলোর সমন্বয় এবং মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া বৈঠকে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীগুলোর প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন নিয়ে এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
এদিকে একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আরেকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি এ এম এন নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নির্বাচনে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে মোতায়েন থাকবে। সে অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।


