ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু হয়।
রাত পেরিয়ে শুক্রবার সকাল পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকে। ভোরের আলো ফুটতেই শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে।
শুক্রবার সকাল সাতটার পরও শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় সম্পূর্ণভাবে অবরোধ করে রাখা হয়েছে।
রাতের তুলনায় ভোরে আন্দোলনকারীর সংখ্যা কিছুটা কম ছিল। তবে দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম আবার বাড়তে শুরু করে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। তারা হাদির হত্যার বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


