বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আশাবাদী। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হবে বলে তারা আশা করছেন।
ডা. জাহিদ হোসেন এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


