স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে মহান বিজয় দিবসে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধের চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। এ কারণে দিনটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলীয় নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার শপথ নেন বলে জানান মির্জা ফখরুল।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। তার আগমন গণতন্ত্রের আন্দোলনকে আরও বেগবান করবে বলে দলটি আশা করছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।


