জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি। আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচির মাধ্যমে এই দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা দাবি করেন, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তারা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় জনগণের স্বার্থে তার পদত্যাগ করা উচিত।
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করছেন। এই কর্মসূচির উদ্দেশ্য জনদুর্ভোগ সৃষ্টি করা নয়। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।
আন্দোলনকারীরা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য উপযুক্ত নয়। আইন-শৃঙ্খলার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সরে দাঁড়ানো প্রয়োজন বলে তারা মনে করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।


