ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে।
তিনি বলেন, “হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন।” তিনি আরও বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সবার সহযোগিতায় খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়াতে হবে। তিনি জানান, এতদিন কেবল সরকারি কর্মচারীদেরই অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা প্রয়োজন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স চাইলে তা দেওয়া হবে। এছাড়া বৈধ অস্ত্র যদি সরকারের কাছে জমা থাকে, তা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


