ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন এবং কোমায় আছেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ শুক্রবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর মাথায় গুলি বিদ্ধ হয়েছে এবং তিনি কোমায় আছেন।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় অস্ত্রধারীরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় ওসমান হাদিকে হাসপাতালে আনা হয়েছে।
ওসমান হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা জানান, তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বি নেগেটিভ রক্ত প্রয়োজন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তাঁরা বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।


