ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় ওসমান হাদিকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনি গণসংযোগ চলাকালে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য যাচাই শেষে জানানো হবে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের একটি দল হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
ওসমান হাদি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেন। আন্দোলনকালে তাঁর জ্বালাময়ী বক্তব্যে বহু শিক্ষার্থী রাজপথে নেমে আসে। গণ-অভ্যুত্থানের পরও তিনি সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি একাধিক নম্বর থেকে হুমকি পাওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন ওসমান হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তাঁকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তাঁর পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়েছিল।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।


