বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়ে সেই দিনটির জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের নেতা যেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে—এটা আপনাদের মনে রাখতে হবে। ইনশাআল্লাহ, আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটের হাজারো নেতা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করতে তারেক রহমানের ভাবনা বাস্তবায়ন করাই এখন বিএনপির লক্ষ্য। তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরি জয়লাভ করতে হবে। নানান বাধা আসবে, প্রচারণা চলবে, কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”
তিনি দাবি করেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না। তাঁর ভাষায়, “বিএনপি জনগণের দল, মুক্তিযুদ্ধের দল। আমাদের সাফল্যের ভিত্তি ইস্পাতদৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন।”
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নতুন নির্বাচন নতুন নেতৃত্ব তৈরির সুযোগ। প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে, যা বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে। এ পরিবর্তনের নেতৃত্বে থাকবেন তারেক রহমান বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগ আমলের নির্বাচন নয় উল্লেখ করে ফখরুল বলেন, এ নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের মন জয় করে তাদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং বিএনপির পক্ষে ভোট দিতে উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশকে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। নেতাকর্মীদের দৃঢ় মনোভাব নিয়ে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।


