এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন। তিনি জানান, দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সমন্বিতভাবে কাজ করছেন এবং একজন সংকটাপন্ন রোগীর জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি সোশ্যাল মিডিয়ায় ভ্রান্ত তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে সতর্ক করে বলেন, খালেদা জিয়ার মতো নেত্রীর সম্পর্কে মানুষের জানার আগ্রহ স্বাভাবিক হলেও আবেগ প্রকাশের নামে অতিরিক্ত বা ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। তিনি বলেন, “কোনো গুজবে কান দেবেন না। তিনি আইসিইউতে আছেন এবং সংকটাপন্ন রোগীর জন্য যে চিকিৎসা প্রয়োজন, সেটাই পাচ্ছেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, দেশের মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও উদ্বেগ রয়েছে। তাই নিয়মিতভাবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানাতেই চিকিৎসকেরা হাজির হন। তবে তিনি মনে করিয়ে দেন, রোগীরও নৈতিক অধিকার রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের নিয়ম অনুযায়ী সব তথ্য প্রকাশ করা যায় না।
তিনি আরও বলেন, “আপনাদের আশ্বস্ত করতে চাই, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং স্থিতিশীলভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন—‘শি ক্যান কন্টিনিউ অন মেনটেইন হার ট্রিটমেন্ট’।”
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসায় কাজ করছে।


