বিদেশ থেকে মোবাইল ফোন আনা ও রেজিস্ট্রেশন–সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ায় প্রবাসীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব গুজবের সত্য–মিথ্যা তুলে ধরে প্রবাসীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে প্রবাসীরা একটার বেশি ফোন আনলে নাকি নতুন করে ট্যাক্স দিতে হবে এবং দেশে এসে তাদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে। তিনি এ দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দেন।
আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। তবে বর্তমান সরকার সেই সুবিধা বাড়িয়ে ব্যবহারযোগ্য ফোনের বাইরে আরও দুইটি নতুন ফোনসেট আনার অনুমতি দিয়েছে। দুইটির বেশি আনলে শুধু নির্ধারিত ট্যাক্স দিতে হবে। নতুন এ সুবিধা শুধুমাত্র বিদেশে যাওয়া প্রবাসী কর্মীদের জন্য, যাদের বিএমইটি থেকে ছাড়পত্র নেওয়া থাকে। অন্যদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল আছে।
মোবাইল রেজিস্ট্রেশনকে ঘিরে আরেকটি গুজব নিয়েও তিনি ব্যাখ্যা দেন। তাঁর মতে, নতুন কোনো নিয়ম শুধু প্রবাসীদের জন্য নেই। বরং আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোনসেট ব্যবহার করলে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে—এটি দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে তিনি জানান।
আইন উপদেষ্টা প্রবাসীদের সতর্ক করে বলেন, গুজব ছড়ানো এবং গিবত করা ইসলামে গুরুতর পাপ। প্রবাসীদের প্রতি অন্যায় বা বৈষম্যের কথা বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও উল্লেখ করেন, কেউ কেউ এমন মিথ্যা তথ্যও ছড়াচ্ছে যে প্রবাসীরা নাকি দেশে ৬০ দিনের বেশি থাকতে পারবেন না—যা তাঁর ভাষায় ‘অবিশ্বাস্য ও জঘন্য মিথ্যাচার’।
পোস্টের শেষে তিনি বলেন, প্রবাসীদের আরও যেসব প্রশ্ন আছে, সেগুলোরও দ্রুত ব্যাখ্যা তিনি দেবেন। সবার সুস্থতা কামনা করে তিনি লেখেন, ‘আল্লাহ হাফেজ।’


