দেশব্যাপী চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক শিক্ষকরা। রবিবার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন) শুরু হবে বলে শনিবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের তিন দফা দাবির পক্ষে চলমান আন্দোলন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ, নৈতিকতা ও মানবিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।
গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন। শিক্ষক নেতাদের মতে, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন স্কেল–সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন পার হয়ে গেলেও দাবির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবির প্রেক্ষিতে আপাতত ১১তম গ্রেডে প্রজ্ঞাপন জারি, ১০ ও ১৬ বছরের চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেডে জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে, পরীক্ষাকালীন শান্ত পরিবেশ বজায় রাখতে সবাই সহযোগিতা করবে এবং দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আবারও আহ্বান জানান তারা।


