বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনার অনুরোধ জানানো হয়।
রাজধানীর নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। সেখানে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও লন্ডনে নেওয়ার প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না, সেটা সম্পূর্ণভাবে চিকিৎসকেরাই সিদ্ধান্ত নেবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তাঁর রোগের সূচনা, চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।’ তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর লন্ডনে চিকিৎসার বিষয়ে মেডিক্যাল বোর্ড পরিস্থিতি মূল্যায়ন করছে।


