বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু হওয়ায় তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা, বিএনপির একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাতে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দেশে পৌঁছে জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন।
এর আগে কাতার জানায়, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুল্যান্স দিতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারও শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানিয়েছে।
বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানায়, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগজনক। একই দিন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে খালেদা জিয়ার মেডিক্যাল টিমে যুক্ত হন। এর আগে চীন থেকেও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছান।
গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে কিডনি ও হৃদরোগজনিত জটিলতার পাশাপাশি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। ১ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।
দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য জুবাইদা রহমান। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত বোর্ডে যুক্তরাজ্য ও চীন থেকে আগত বিশেষজ্ঞরাও যুক্ত হয়েছেন।


