আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে এবং জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।
সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানান তিনি। বক্তৃতায় তিনি বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ এখন একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স–২০২৫ এ অংশ নেন মোট ৯৬ জন সদস্য। তাঁদের মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮ দেশের ২৯ জন সদস্য ছিলেন। এ ছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ সম্পন্ন করেন।


