বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে এসএসএফ সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন শুরু করেন।
এর আগে গতকাল রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়। ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে এই ঘোষণা কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে এটি কার্যকর হয়েছে বলে জানানো হয়।
বয়সজনিত জটিলতা এবং দীর্ঘদিনের শারীরিক সমস্যা নিয়ে খালেদা জিয়া কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর অবস্থা বেশ সংকটাপন্ন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। মেডিক্যাল বোর্ডের দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী ২৭ নভেম্বর থেকে সিসিইউতে আছেন এবং চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন।


