বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।
সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বাংলা ও ইংরেজি পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খালেদা জিয়ার বর্তমান অবস্থার প্রতি উদ্বেগ জানিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলের বিভিন্ন পক্ষও প্রতিক্রিয়া জানাচ্ছে।


