রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) ভবনে আগুন লেগেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টি ইউনিটের দ্রুত তৎপরতায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লেগেছিল হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ শাহবাগ ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া উঠতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুন নিয়ন্ত্রণে এলে ভবনটি নিরাপদ কিনা তা পরীক্ষা করতে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি শুরু করেছে।


