আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতিমধ্যে ৩০ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীর সংখ্যা ৩০ হাজার ২৭৯ জন।
ইসি জানায়, ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া।
নিবন্ধন চলমান দেশগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, হংকং, দক্ষিণ আফ্রিকা, মিশর, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, মরক্কো, দক্ষিণ সুদান, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, তাইওয়ান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ আরও বহু দেশ।
ইসি আরও জানায়, সৌদি আরবে ৪–৮ ডিসেম্বর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯–১৩ ডিসেম্বর, সৌদি আরব ছাড়া অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪–১৮ ডিসেম্বর নিবন্ধন করা যাবে। বাংলাদেশে বসবাসরত বিশেষ শ্রেণির ভোটারেরা (যেমন সরকারি দায়িত্বে নিয়োজিত, কয়েদি ও বিদেশে অবস্থানরত ভোটার) ১৯–২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। ভোটাররা ব্যালট পূরণ করে নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় তা ফিরতি খামে পাঠাবেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবার প্রবাসী ভোটার হিসেবে ৫০ লাখ নিবন্ধনের লক্ষ্য স্থির করেছে সংস্থাটি।


