জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আজ বিকাল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা পেলে পুনরায় চালু করা হবে।”
ইসি সূত্র জানায়, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুত প্রিন্টের কাজ শুরু হবে। এ কারণে সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন হয়েছে। তবে খুব শিগগিরই এই কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।


