জুলাই গণ–অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, এ ভূমিকা দেশের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে।
বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও অভিজ্ঞতা একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. ইউনূস জানান, এ বছরের কোর্সে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। তিনি বলেন, কোর্স সম্পন্নকারী কর্মকর্তারা অর্জিত জ্ঞান ও দক্ষতা পেশাগত জীবনে প্রয়োগ করে দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।


