জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। সভায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার বিষয়ে আলোচনা হয়।
ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিজয় দিবস ঘিরে কোনো শঙ্কা নেই এবং কর্মসূচিতে অস্থিরতার সম্ভাবনাও নেই। তিনি জানান, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেও কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। এবারের বিজয় দিবসের কর্মসূচি আগের মতোই অনুষ্ঠিত হবে, বরং কিছু আয়োজন বাড়ানো হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া এবং পরদিন ফেরত দেওয়ার ঘটনা সম্পর্কে তিনি আগে জানতেন না। অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে তিনি জানান।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।


