রাজধানী ঢাকায় ধীরে ধীরে শীতের আমেজ তৈরি হয়েছে। গত কয়েক দিন ধরে ঢাকার সকালের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও আজ শুক্রবার সকাল ৬টায় তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। সারাদেশেই একইভাবে শীতের হালকা অনুভূতি দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ সকাল ৬টার তথ্যে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং সূর্যোদয় হবে আগামীকাল ভোর ৬টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


