একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে ডিএসই জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
ডিএসই জানিয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংককে ‘অকার্যকর ব্যাংক’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে তাদের শেয়ার লেনদেন স্থগিত করা হয়।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় পরিচালিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে।
এর আগে বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে নেমে গেছে। ফলে এসব ব্যাংকের শেয়ারের আর কোনো আর্থিক মূল্য নেই। তিনি জানান, “শেয়ারগুলোর ভ্যালু এখন জিরো হিসেবে বিবেচিত হবে, এবং এ কারণে কোনো শেয়ারহোল্ডার ক্ষতিপূরণ পাবেন না।”
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে দুর্বলভাবে পরিচালিত এসব ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।


