জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না। তবে সমমনা রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যেতে পারে জামায়াত।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, “আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করবো না। তবে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতা করবো।”
তিনি আরও বলেন, “নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবো।” এ সময় তিনি গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন।
তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম সাংগঠনিক সফর। এ উপলক্ষে বুধবার সকালে সিলেটে পৌঁছালে দলটির স্থানীয় নেতাকর্মীরা তাঁকে বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সিলেট সফরে তিনি স্থানীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।


