কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামমুখী একটি মারছা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহও উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বৃষ্টির পর রাস্তা পিচ্ছিল ছিল। তখনই মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেওয়া হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


