অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হয়।
সুপারিশ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সহ-সভাপতি ড. আলী রীয়াজ, কমিশনের ছয় সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশন অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম ধাপে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করে। দুই দিন পর এতে যোগ দেয় গণফোরাম। তবে এনসিপিসহ কয়েকটি বাম দল এখনো সনদে স্বাক্ষর করেনি।
কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই এই সুপারিশ তৈরি করা হয়েছে। লক্ষ্য হচ্ছে একটি জবাবদিহিমূলক ও স্থায়ী রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন।”


